বাদ পড়লেন এমবা

আপডেট : ০৩ জুন ২০১৪, ২২:১২
গত বছর আফ্রিকান নেশন্স কাপের তৃতীয় শিরোপা জয়ী নাইজেরিয়া দলের সদস্য এমবা ব্রাজিল বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন। বুরকিনা ফাসোর বিপক্ষে আফ্রিকান কাপের ফাইনালে জয়সূচক গোলদাতা এমবা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে লন্ডনে দলীয় ক্যাম্পে সময়মত যোগ দিতে পারেননি। তবে দলীয় কোচ স্টিফেন কেশি বলেছেন, ব্রাজিলগামী বিশ্বকাপের ২৩ সদস্যবিশিষ্ট চূড়ান্ত দলে যোগ দেয়ার জন্য যথেষ্ট আগ্রহ তার মধ্যে দেখা যায়নি। তিনি বলেন, ‘তিনি হয়তো ক্যাম্পে যোগ দিতে পারেননি। তবে বাইরেও তাকে এ বিষয়ে খুব বেশি তত্পর থাকতে দেখা যায়নি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমরা মাত্র আড়াই সপ্তাহ সময় পেয়েছি। এসময় আমরা তার কাছ থেকে কি চাই সে বিষয় জানার জন্যও উদ্যোগ গ্রহণের কোন আগ্রহ তার মধ্যে পাইনি। তিনি বেশ নির্ভার ছিলেন। যে কারণে তাকে বাদ দিতে হয়েছে।’ বিশ্বকাপে এফ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে নাইজেরিয়া। গ্রুপভুক্ত বাকি দলগুলো হচ্ছে— আর্জেন্টিনা, বসনিয়া হার্জোগোবিনা ও ইরান। —বাসস