এক সপ্তাহের ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদল হয়েছে। একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে প্রশাসনের ঊর্ধ্বতন পদগুলোতে বড় ধরনের রদবদল তথা পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ২৮ মে রুয়েটের উপাচার্য পদে যোগদান করেছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাঃ রফিকুল আলম বেগ। ঐদিন রাষ্ট্রপতি ও রুয়েট চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এর নির্দেশে আগামী চার বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক বেগকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়। ঐদিন অপরাহ্নে যোগ দেন নতুন উপাচার্য।
এদিকে গত ১ জুন রুয়েট উপাচার্য ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেনকে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দেন। ঐদিন অপরাহ্নে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্বভার গ্রহণ করেন।
