ইউরোপ সফরে বারাক ওবামা

মার্কিন সেনা উপস্থিতি বাড়াতে ১শ’ কোটি ডলারের তহবিল

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:০৩
ইউরোপে সামরিক শক্তি বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ইউরোপ সফরের অংশ হিসেবে পোল্যান্ড সফরে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এই ঘোষণাকালে ওবামা বলেন, ইউরোপে মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য আমাদের মিত্রদের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও কর্মকাণ্ড আরো বৃদ্ধি করব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বন্ধুদের নিরাপত্তার স্বার্থে এ অর্থ ‘খুবই প্রয়োজনীয়’। এই সফরে ওবামার ইউক্রেন সঙ্কট নিয়ে ন্যাটো নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। এর আগে এপ্রিলে মস্কোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে সামরিক প্রশিক্ষণের জন্য ১৫০ মার্কিন সেনাকে পোল্যান্ডে পাঠানো হয়। এছাড়া বেলজিয়াম ও ফ্রান্সেও সফরের কথাও রয়েছে ওবামার। ইউরোপ সফরের অংশ হিসেবে গতকাল সকালে পোল্যান্ড পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চারদিনের সফরে ওবামা মোট তিনটি দেশ সফর করবেন। সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, ‘ইউক্রেনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা ইউরোপে আরো মার্কিন সেনা উপস্থিতি বাড়াবো। এর অংশ হিসেবে আমরা কিছুদিনের মধ্যেই পোল্যান্ডে অতিরিক্ত সেনাসহ এফ-১৬ যুদ্ধ বিমান পাঠাবো। তারা পোল্যান্ডে অবস্থিত ন্যাটো সৈন্যদের সহায়তা করবে।’ এদিকে মাত্র তিনমাসের মধ্যে তৃতীয়বারের মতো বিদেশ সফর করায় সমালোচনার মুখোমুখি হয়েছেন বারাক ওবামা। রিপাবলিকানরা একে ওবামার দুর্বল পররাষ্ট্রনীতির বর্হিপ্রকাশ হিসেবে দেখছেন। ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় রাশিয়া যাতে আর কোন ইউরোপীয় মার্কিন মিত্র দেশের উপর চাপ প্রয়োগ করতে না পারে এ জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে এত উদ্বিগ্ন। সফরে মার্কিন প্রেসিডেন্ট ন্যাটো মহাসচিবের সাথেও বৈঠক করবেন। খবর বিবিসি ও সিএনএনের।