লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খোকন (৩৮) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। সোমবার রাত সোয়া ১টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানায়নি পুলিশ।
তবে এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় স্থানীয় ভুঁইয়ার হাট বাজারে খোকন ও তার সহযোগীরা আড্ডা দিচ্ছিলেন। এসময় দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল ও সারোয়ার খোকনকে আটক করে নিয়ে যান। পরে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে এসআই কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
