প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন শুক্রবার

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে শুক্রবার চীন যাচ্ছেন। চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং এর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর বলে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সফরকালে তিনি চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাত্ ছাড়াও শেখ হাসিনা চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান উ ঝেং সেং এর সঙ্গে বৈঠক করবেন। চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং এর সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাত্ করবেন। তিনি বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরামের অনুষ্ঠানে বক্তৃতা করবেন। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরো উন্নয়নের লক্ষ্যে চীনা কাউন্সিল ফর প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড এই অনুষ্ঠানের আয়োজক। ঢাকা থেকে বেইজিং যাওয়ার পথে দুইদিন কুনমিং সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে ৬ জুন দ্বিতীয় দক্ষিণ এশিয়া এক্সপোজিশনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির ভাষণ দেবেন। চীনের ইউনান প্রদেশের গভর্নর লি ঝিহেং এই এক্সপোজিশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। ৭ জুন কুনমিং-এ চীন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অনুষ্ঠানে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর ঢাকা ও বেইজিং এর মধ্যে ঘনিষ্ঠ ও সমন্বিত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো নিবিড় করবে এবং আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতির সঞ্চার করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।