পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে চারজন আওয়ামী লীগ কর্মী নিহতের মামলায় গ্রেফতারকৃত এজাহারভুক্ত দুই আসামি ইউনুস আলী ও আক্কাস আলীকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়েছে। আদালত আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এদিকে এই ঘটনার পর আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ঐ থানায় ওসি হিসেবে ফাইজুল ইসলাম নামের একজন অফিসার যোগদান করেছেন।
বুধবার দুপুরে পাবনার আমলি আদালত-৪ এ আসামি দু’জনকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা আতাইকুলা থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান। আদালতের বিচারক শিপন কুমার মোদক রিমান্ড আবেদন আমলে নিয়ে আজ শুনানির দিন ধার্য করেন। গত ৩১ মে পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্থানীয় চার আওয়ামী লীগ কর্মী সুলতান শিকদার, ফজলুর রহমান, আব্দুস সালাম ও রফিকুল ইসলাম। এদিকে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইনে রাখা হয়েছে। তবে এই প্রত্যাহারের সাথে চার খুনের কোন সম্পর্ক নেই বলে তিনি জানান, এটা চলমান প্রক্রিয়া।
