দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় খুন হয়েছেন ৪ জন। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মহাদেবপুরে অটোরিক্সা চালক খুন
নওগাঁর মহাদেবপুরে রুহুল আমিন রনি নামে এক অটোরিক্সা চালককে গত মঙ্গলবার রাতে উপজেলার ঝলঝলি গ্রাম থেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে মঙ্গলবার রাতে ৩ জন যাত্রী নিয়ে মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে ঝলঝলি গ্রামের দিকে রওনা দিয়ে আর বাড়ি ফিরে আসেনি।
গতকাল বুধবার সকালে ঝলঝলি গ্রামের মাঠে স্থানীয় জনতা রুহুল আমিন রনির লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
টঙ্গীতে ছিনতাইকারীর হাতে খুন
গতকাল বুধবার ভোরে টঙ্গীতে আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে ছিনতাইকারীরা কুপিয়ে খুন করেছে। পুলিশ টঙ্গী সরকারি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়দেবপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ভোর রাতে একটি সিএনজি যোগে মুমূর্ষু অবস্থায় আব্দুল্লাহকে টঙ্গী সরকারি হাসপাতালের নিকটে এছাক মিয়ার দোকানের সামনে ফেলে যায়। টঙ্গী মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করলে ভোর ৫ টায় তার মৃত্যু হয়।
কমলগঞ্জে আহত পান্নার মৃত্যু
কমলগঞ্জের দক্ষিণ বাদে উবাহাটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত তালুকদার মোহাম্মদ মহসীন আলী পান্না মারা গেছে। গতকাল বুধবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পান্না কমলগঞ্জ পৌর এলাকার রামপাশা গ্রামের মৃত মাহমুদ আলী তালুকদারের পুত্র।
গ্রামের আজির মিয়ার সঙ্গে রামপাশা গ্রামের সৈয়দ কাছিম মোহাম্মদ খলিল উল্ল্যাহের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পান্না তালুকদারসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন।
নওগাঁয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা
নওগাঁর পত্নীতলায় শ্বশুর বাড়ি থেকে গত মঙ্গলবার গভীর রাতে আতিকুল ইসলাম তার স্ত্রী আসমা খাতুনকে (৩০) জবাই করে হত্যা করে। ২০০০ সালে আসমার সাথে পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিকুলের বিয়ে হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, ঘটনার পর থেকে আতিকুল পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
