নারী শ্রমিকদের ওড়না কোমড়ে বেঁধে কাজ করার নির্দেশ দেয়ার ঘটনায় ফুঁসে উঠেছে নীলফামারী উত্তরা ইপিজেডের হাজার হাজার শ্রমিক। উত্তরা ইপিজেডের এভারগ্রীন কোম্পানির হাই পোস্টিং ইউনিটে কর্মরত নারী শ্রমিকদের ওড়না কোমড়ে বেঁধে কাজ করার নির্দেশ দেয়ায় গত ৩ দিন থেকে শ্রমিক অসন্তোষ চলছে ইপিজেডে। গতকাল বুধবার সকালে ওই মিলের শ্রমিকরা অন্যান্য মিলের শ্রমিকদেরও কাজে যেতে বাধা দেয়ায় বন্ধ হয়ে যায় ইপিজিডের সব কারখানা। ৮দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে কাজ ছেড়ে রাস্তায় নামে শ্রমিকরা। সূত্র জানায়, মিল ম্যানেজার শুব্রত কথায় কথায় শ্রমিকদের চাকরিচ্যুত, অতিরিক্ত টার্গেট প্রদান, শ্রমিক নির্যাতন ও মহিলা শ্রমিকদের বাথরুমের সামনে লোক দাঁড় করিয়ে রাখার ঘটনায় দীর্ঘদিন থেকে শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল ওই কোম্পানিতে। এভারগ্রীন কোম্পানি ইপিজেড এলাকার বাইরে নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় বহুতল ভবন ভাড়া নিয়ে কার্যক্রম চালানোর পাশাপাশি মিলের জন্য জমি ক্রয় এবং ভবন নির্মাণ কার্যক্রম শুরু করার পর থেকে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে নানা অজুহাতে হয়রানি ও ছাঁটাই শুরু করে। উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আকতার আলম মোস্তাকি শ্রমিক অসন্তোষের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
