উদীচী মঞ্চে আনলো দুইটি অনুনাটক ‘দাফন’ ও ‘হত্যার শিল্পকলা’। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে গত মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় এ দুই নাটক। মৌলবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মান্ধতা সমাজে কিভাবে ছড়িয়ে আছে এবং তা অপসারণে কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এসব কথাই ফুটে উঠেছে নাটক দুইটিতে।
প্রথম মঞ্চস্থ হয় ‘দাফন’। একটি মেয়ের অস্বাভাবিক মৃত্যু আর তা নিয়ে গ্রামীণ জীবনের ঘটনা প্রবাহ দিয়ে ধর্মান্ধতার স্বরূপ বোঝাতে চেয়েছেন নির্দেশক। নাটকটি রচনা করেছেন হরিপদ দত্ত, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আইনুল ইসলাম অপু। এরপরই মঞ্চস্থ হয় নাটক ‘হত্যার শিল্পকলা’। জঙ্গি ও সন্ত্রাসীরা কীভাবে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে একজন মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে ধীরে ধীরে আত্মঘাতী জঙ্গিতে রূপান্তরিত করে তা নিয়েই রচিত হয়েছে এ নাটক। মলয় ভৌমিক রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন আসলাম অরণ্য।
শিল্পী মো. আবদুল গাফফার বাবুর একক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে ধানমণ্ডির আঁলিয়স ফ্রঁসেজের লা গ্যালারিতে। বুধবার ‘আনকনশাসলি কনশাস’ বা ‘অবচেতনের চেতনা’ শীর্ষক এ প্রদর্শনীর প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী আবুল বারক্ আলভী, বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন চিত্র সমালোচক মোস্তফা জামান।
শিল্পী বাবু বলেন, প্রথম একক প্রদর্শনী। তাই নিজের ভাবনাকেই ক্যানভাসে তুলে আনতে চেয়েছি। আমাদের মনোজগতের বিভিন্ন অবস্থা যেমন স্বপ্ন, আনন্দ, ভীতি, ক্রোধ এসব কিছুর রূপক উপস্থাপন ক্যানভাসে।
এ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে করা ৪৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। চলবে ১৮ জুন পর্যন্ত।
প্রত্ননাটক ‘উয়ারী-বটেশ্বর’ : বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের যে প্রাচুর্যময় সম্ভার তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ। এই সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহকে আমাদের নতুন প্রজন্মের কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ২টি প্রত্ননাটক প্রযোজনা এবং প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নরসিংদী জেলার উয়ারী বটেশ্বর খনন করে যে আড়াই হাজার বছরের পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হয়েছে সেই নিদর্শনকে উপজীব্য করে তৈরি করেছে প্রত্ননাটক ‘উয়ারী-বটেশ্বর’। এই নাটকটি শুক্র ও শনিবার মঞ্চস্থ হবে নরসিংদী জেলার শিবপুরের টঙ্গীরটেকে সন্ধ্যা সাড়ে ৬টায়। নাটকটি রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী ও নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামানিক।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় ও একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের প্রযোজনায় নির্মিত এই নাটকটির উদ্বোাধনী প্রদর্শনীতে অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, নরসিংদী-শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান এবং নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
