উদ্যোক্তা অর্থায়নে শত কোটি টাকার তহবিল

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৪৫
নতুন উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগের আওতায় নির্বাচিত ও প্রশিক্ষিত নতুন উদ্যোগ গ্রহণকারীদের জন্য ১০০ কোটি টাকার নতুন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নতুন এ প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুন:অর্থায়ন স্কিম’। পর্ষদ সভায় উত্থাপিত নথিতে বলা হয়েছে, ২০১৩ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাত লাখ ৪৪ হাজার ২২৮টি প্রতিষ্ঠানের বিপরীতে প্রায় ৮৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করে। সকল ঋণের ক্ষেত্রেই ১৫ শতাংশ নারী ঋণ পেয়ে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কৃষি ভিত্তিক শিল্পে অর্থায়নকে এগিয়ে নিতে পুন:অর্থায়ন স্কিম চালু আছে। এসএমই খাতে অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিতরণকৃত ঋণের বিপরীতে পূর্ণ/আংশিক পুনঅর্থায়ন সুবিধা পাচ্ছে। এতে বাজারে এসএমই ঋণের একটি গতিশীল বাজার তৈরি হয়েছে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই উদ্যোক্তা তৈরিতে কাজ করছে, তবে নির্বাচিত ও প্রশিক্ষিত উদ্যোক্তাদের অর্থায়ন সেভাবে করা যাচ্ছে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকি বিবেচনায় অর্থায়নে আগ্রহী হচ্ছে না। এপ্রেক্ষিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিতরণ করা ঋণের বিপরীতে পুনঅর্থায়ন করার লক্ষ্যে ১০০ কোটি টাকার তহবিল গঠন করা যেতে পারে। গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে সভায় বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন।