মুক্তিপণের জন্য চুয়াডাঙ্গা থেকে অপহূত স্কুল ছাত্র অভি ও তার মামা লিটনকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়ি গ্রাম থেকে গতকাল বুধবার ভোররাতে তাদের উদ্ধার করা হয়।
হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের সুজন আলির ছেলে আশিকুর রহমান অভি তার মামা শিবপুর গ্রামে লিটন হোসেনের বাড়ি বেড়াতে আসে। তারা গত রবিবার রাতে টেলিভিশনে খেলা দেখছিল। এ সময় ৮-৯ জন সন্ত্রাসী পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে। মামা লিটন ও ভাগ্নে অভি ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর তাদের পরিবারের কাছে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আড়াই লাখ টাকা আদায় করে।
ওসি আরো জানান, বাকি আড়াই লাখ টাকা গতকাল ভোরে হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়ি গ্রামের খালের পাড়ে লেনদেন হওয়ার কথা ছিল। গোপনসূত্রে খবরে পেয়ে পুলিশ আগে থেকে সেখানে অবস্থান নেয়। ভোর ৩টার দিকে টাকা লেনদেনের সময় পুলিশ অভিযান চালিয়ে লাল্টু নামে অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত লাল্টু শিবপুর গ্রামের শুকুর আলির ছেলে এবং চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার।
