খুলনায় টাকা ছিনতাইয়ের অভিযোগে সরকারি বিএল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ছিনতাই হওয়া ১৭ লাখ ৪১ হাজার ৫০০ টাকার মধ্যে ৬ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা, ২টি মোটর সাইকেল ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করে। জেলা গোয়েন্দা পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে যৌথভাবে এ অভিযান চালায়।
গ্রেফতার হওয়া অন্যরা হলেন- ছাত্রলীগ নেতা কাজী ইব্রাহিম, সাজেদুর রহমান বাপ্পী, যুবলীগ নেতা এবাদ মোড়ল, মিন্টু মুন্সি, মাছ ব্যবসায়ী আসাদুল হক ও ট্রাক ড্রাইভার সিরাজুল ।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, কয়রা উপজেলার ১০ জন মাছ ব্যবসায়ী তাদের চিংড়ি খুলনায় এনে বিক্রি করেন। গত মঙ্গলবার সকালে তারা ওই চিংড়ি বিক্রির টাকা নিয়ে ট্রাকে কয়রার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৭টার দিকে ট্রাকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে পৌঁছলে ছাত্রলীগ নেতা হাবিবুরের নেতৃত্বে ৭/৮ জন তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা ট্রাক ড্রাইভার সিরাজুলের মাথায় আঘাত করে তার সিটের নীচে রাখা ১৭ লাখ ৪১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ওই টাকা সাজেদুর রহমান বাপ্পীর বাড়িতে ভাগ-বাটোয়ারা হয়।
ওসি বলেন, ওই ঘটনায় কয়রার মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন ড্রাইভার সিরাজুলসহ ৬/৭ জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা করেন। পরে সিরাজুলকে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই রহস্য উদঘাটিত হয়। পরে রূপসা থেকে পলাতক ব্যবসায়ী আসাদুলকেও গ্রেফতার করা হয়। উভয়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বেরিয়ে আসে।
