তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আজ শুরু

আপডেট : ০৪ জুন ২০১৪, ২২:৫৩
‘অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও সারাদেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন হতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বলেন, ৫ জুন হতে সারাদেশে তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত। এ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়, বন অধিদপ্তর, সামাজিক বনায়ন সৃষ্টিতে নিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, নার্সারিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বৃক্ষ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। ঝড়ঝঞ্ছা ও জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা হ্রাস করে বৃক্ষ আমাদের জীবন ও সম্পদ রক্ষা করে। তাই সারাদেশে পরিকল্পিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ ও সংরক্ষণ প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, গাছ মানবজীবনের জন্য অপরিহার্য। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা ও বিনোদনের মত মানুষের মৌলিক চাহিদা পূরণে বৃক্ষরাজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা বাঁচার জন্য অক্সিজেন পাই গাছ থেকে। গাছ বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং নিজ দেহে জমা রেখে পৃথিবীর কার্বনচক্রের ভারসাম্য রক্ষা করছে। ফলে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন রোধে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী বলেন, মানবসৃষ্ট কর্মকাণ্ডের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তন ঘটছে জলবায়ুর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তন রোধ করে বৃক্ষই পারে ধরণীকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে।