“হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সারাদেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
গাজীপুর
এ উপলক্ষে গতকাল সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, পুলিশ সুপার মোঃ আব্দুল বাতেন প্রমুখ।
মানিকগঞ্জ
সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়ের একটি র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম এবং আরো উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মোঃ সোহরাব আলী, নির্বাহী প্রকৌশলী এল.জি.ইডি, মোঃ রেজাউল করিম প্রমুখ।
ময়মনসিংহ
বিশ্ব পরিবেশ দিবসে ময়মনসিংহে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পরিবেশ মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী র্যালির উদ্বোধন এবং আলোচনা সভার প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেহেরপুর
মেহেরপুরে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক মাহামুদ হোসেনের নেতৃত্বে শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া
এ উপলক্ষে সকালে স্থানীয় টেংকের পার সংলগ্ন লোকনাথ ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওস্তাদ আলাউদ্দিন খান পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান।
নওগাঁ
নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে নওগাঁ জেলা স্কুল থেকে জেলা প্রশাসক এনামুল হকের নেতৃত্ব একটি র্যালি বের হয়। র্যালিটি শহরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কেডি স্কুলে শেষ হয়। পরে স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা
সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক এহছানে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
ফরিদপুর
দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার মো. ফজলুল হক, বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুর রহমান মিয়া প্রমুখ।
নাটোর
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাফর উল্লাহ। বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, নার্সারির মালিক ও এনজিও প্রতিনিধিগণ।
নেত্রকোনা
জেলা প্রশাসন ও বারসিকের উদ্যোগে পরিবেশ মেলা, র্যালি, পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণ হতে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বারসিক আয়োজিত এবং এডিসি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিআরডির উপ-পরিচালক লুত্ফর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুজ্জোহা, রেডক্রিসেন্ট সোসাইটির নেত্রকোনা ইউনিটের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।
ঝিনাইদহ
ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। সকালে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান।
মৌলভীবাজার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন এবং মৌলভীবাজার পরিবেশ আন্দোলন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্গন,পুরস্কার বিতরণ ইত্যাদি। মৌলভীবাজার কালেক্টর প্রাঙ্গণ থেকে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নোয়াখালী
এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার ইলিয়াছ শরীফ প্রধান অতিথি ছিলেন।
বাগেরহাট
বৃহস্পতিবার সকালে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংস্কৃতি ফাউন্ডেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু: শুকুর আলী।
ঠাকুরগাঁও
বৃহস্পতিবার জেলা প্রশাসক ও বিভিন্ন এনজিও কর্মীদের আয়োজনে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর আলম প্রধান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকন প্রমুখ।
কিশোরগঞ্জ
গতকাল জেলা প্রশাসন ও প্ল্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেল প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
মাদারীপুর
বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার র্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সততা সংঘের শিক্ষার্থীদের মধ্যে ফলদ চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। র্যালি শেষে এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ আলোচনা ও পুরস্কার ও গাছের চারা বিতরণ করেন।
লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
লালমনিরহাট
জেলা প্রশাসন এবং বিভিন্ন এনজিও’র সহযোগিতায় লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
পঞ্চগড়
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও দেশ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন এনজিও’র সহযোগিতায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ,এনজিও কর্মী ও বিভিন্ন পেশার মানুষ র্যালিতে অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
