ফেনীর একরাম হত্যাকাণ্ড

শিবলু ও জিহাদ চৌধুরীর ১৬৪ ধারায় জবানবন্দি

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:২২
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যার অন্যতম পরিকল্পনাকারী ফেনী পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ হিল মাহমুদ শিবলু ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিহাদ হোসেন চৌধুরী জেহাদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের জবানবন্দি গ্রহণ করেন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমিন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান, একই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারের তৃতীয় দফা রিমান্ডের আবেদন নাকচ করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আমিন রিমান্ডের আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।