মুফতি ইজহারের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ জুন

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:৩৬
নগরীর লালখান বাজার মাদ্রাসার পরিচালক হেফাজত নেতা মুফতি ইজহারের বাসা থেকে এসিড উদ্ধারের মামলায় অভিযোগ গঠনের দিন আগামী ১০ জুন নির্ধারণ করেছে আদালত। পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেয় মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান। অভিযোগপত্রে মাদ্রাসার পরিচালক হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজ?হারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে হেফাজতের সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক হারুন বিন ইজহারকে অভিযুক্ত করা হয়েছে বলে আদালত সূত্র জানায়। এদিকে কারাগারে থাকা মুফতি হারুন ইজহারকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেছেন তার আইনজীবী। মামলার পরবর্তী তারিখে ওই আবেদনের ওপরও শুনানি হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর সকাল ১১টার দিকে নগরীর লালখান বাজারে মুফতি ইজহার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে চিকিত্সাধীন অবস্থায় ২ জন মারা যান। পুলিশ ওই কক্ষ তল্লাশি করে ৪টি গ্রেনেড এবং বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। একইদিন রাতে মুফতি ইজহারের বাসায় তল্লাশি করে ১৮ বোতল এসিড পাওয়া যায়।