এনডিএফ বিডি প্রীতি সম্মেলন

আপডেট : ০৬ জুন ২০১৪, ১৯:৫৬
যুক্তির দ্বৈরথ আর শব্দ কথার সাহসী উচ্চারণে গত ১৬ ও ১৭ মে বাংলা একাডেমি মিলনায়তনে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল—৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব ’১৪, সাথে ছিল সারা দেশ থেকে আসা পনেরশ জন যুক্তিপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী। যাদের অক্লান্ত পরিশ্রমে এ জাতীয় আয়োজন সেই সংগঠকদের নিয়েই আয়োজন করা হয় ৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব ’১৪-এর সফলতা উদযাপন ও প্রীতি সম্মেলন। গত ৩১ মে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বসে সারা বাংলাদেশ থেকে আসা ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের শতাধিক বিতর্কের জন্য নিবেদিতপ্রাণ সংগঠকদের মিলন মেলা। বিকাল ৫টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। শুরুতেই ৮ম জাতীয় বিতর্ক উত্সবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর পর আগত সকল সংগঠকদের নিয়ে এনডিএফ বিডি-এর পরবর্তী কর্মপরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়। এনডিএফ বিডি-এর চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে এ পর্বে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি ডাইরেক্টর ও এনডিএফ বিডি-এর কো-চেয়ারম্যান আনিসুর রহমান, এনডিএফ বিডি-এর আন্তর্জাতিক পরিচালক আমিরুল ইসলাম তুষার, ৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব ’১২-এর উত্সবের প্রধান আহ্বায়ক শরিফুল আনোয়ার ও আহ্বায়ক তামজীদ হাসান, বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও এনডিএফ বিডি-এর কো-চেয়ারম্যান জাহিদ হাসান শওকত, এনডিএফ বিডি-এর কো-চেয়ারম্যান নাজমুল হুদা, মাহবুবুর রহমান শাকিল, আবদুল্লাহ আল তারিফ, প্রীতি সম্মেলনের আহ্বায়ক সোহনূর রহমান সোহানসহ অনেকে বক্তব্য রাখেন। এই আলোচনার পরই শুরু হয় শিশু বিতর্ক। বিতর্কের বিষয় ছিল ‘শিশুদের বিকাশে ডোরেমনের চেয়ে খেলার মাঠ বেশি গুরুত্বপূর্ণ’। বিতর্কে পক্ষ দলে ছিল এসএফএক্স গ্রিন হেরাল্ড স্কুলের সাদিকা তাসনিম অর্নিলা, মোহাম্মদপুর প্রিপারেটরি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের ইভানা মান্নান, এবিএসএম হাই স্কুলের সাদমান সাকিব নাবিল। বিপক্ষ দলে ছিল আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের সাওমিত হাসান সাওম ও কায়নাত কারিন এবং বারিধারা স্কলার্স ইনস্টিটিউটের মাহফুজ আহমেদ অনিক। আন্তঃক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতা ’১৩-এর চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং এনডিএফ বিডি-এর সদস্য নূর-ই-জান্নাতের অসাধারণ সঞ্চালনায় শিশু বিতার্কিকরা মনোমুগ্ধকর বিতর্ক উপহার দেয় অনুষ্ঠানে আগত সকলকে। তাদের যুক্তিতে শিশুদের বিকাশে খেলার মাঠ আর ডোরেমনের বিভিন্ন ভূমিকার কথা উঠে আসে। শিশু তার্কিকদের বিতকের্র মধ্যেই অনুষ্ঠানে হাজির হতে থাকে আমন্ত্রিত অতিথিরা। বিতর্ক শেষে তারা মঞ্চে চেয়ারগ্রহণ করেন। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের নিউজ ডিরেক্টর সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, দৈনিক ইত্তেফাকের ম্যানেজিং এডিটর আশিস সৈকত, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর জি এম নিজাম উদ্দিন, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুজ্জামান রনি ও ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান কামরুজ্জামান এবং পর্বটি পরিচালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব। অনুষ্ঠানে আগত অতিথিরা বর্তমানে বাংলাদেশের বিতর্ক শিল্পের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন। এরপর জাতীয় বিতর্ক উত্সব ’১৪-এর সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিতর্ক উত্ববের প্রথম বিতর্কটিই ছিল শিশু বিতর্ক। এই শিশু বিতার্কিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।