বিজয় না আসা পর্যন্ত ফরমালিনযুক্ত রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৫৭
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে ফরমালিনমুক্ত রাজনীতি ছিল এবং এখনও আছে। ফরমালিনমুক্ত রাজনীতি ছিলো বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করতে পেরেছি। জনগণের অধিকার নিয়ে কথা বলতে পেরেছি। এখন আমরা ফরমালিনযুক্ত রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করছি। জনগণের অধিকার নিয়ে আন্দোলন করছি। বিজয় না আসা পর্যন্ত এ লড়াই চালিয়ে যেতে হবে। শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার? গণতন্ত্র? জেগে ওঠো বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্রেসি এ সেমিনারের আয়োজন করে। এর আগে গত ৩১ মে রাজধানীতে একটি আলোচনা সভায় ‘দেশের রাজনীতিতে ফরমালিন ঢুকেছে’ বলে মন্তব্য করেন তিনি। কামাল হোসেন বলেন, রাজনীতি অসুস্থ হলেও তাকে বাদ দেয়া যাবে না। দেশ, জনগণ ও গণতন্ত্র রক্ষায় রাজনীতি করতে হবে। অসুস্থ রাজনীতিকে জবাব দিতে সুস্থ রাজনীতি করতে হবে। এজন্য মেধাবী, সত্ ও দেশপ্রেমিক জনগণকে রাজনীতিতে যুক্ত হবে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সুষম বণ্টন গণতান্ত্রিক শাসনের বড় শর্ত। কিন্তু সেটি এখন দেশে নেই। ক্ষমতার ব্যবহার করে গণদুর্ভোগ দূর করার পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করে প্রভাবশালীরা বিত্ত বাড়াতেই ব্যস্ত। জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ উল্লাহ, আইনজীবী ড. তুহিন মালিক, নাঈমুর রহমান, মাহমুদুর রহমান মান্না, শামা ওবায়েদ।