‘আমি কৃতজ্ঞ ইত্তেফাক পরিবারের কাছে’ —পলি সায়ন্তনী

আপডেট : ২৭ মে ২০১৯, ২০:২৮

বিনোদন রিপোর্ট

ইত্তেফাক বিনোদন প্রতিদিনে সাক্ষাত্কার প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত শিল্পী পলি সায়ন্তনীকে দেখতে যান শিল্পীরা। এ প্রসঙ্গে পলি বলেন, ‘আমি আজীবন ইত্তেফাকের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ আমার কথাগুলো, আমার এই কষ্টগুলো তুলে ধরার কারণে শিল্পীরা এখন আমাদের মতো চিকিত্সাধীন শিল্পীদের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছে। এটা একটি দারুণ দিক। জানা যায়, আঁখি আলমগীর পলি সায়ন্তনীর বাসায় গিয়ে তাঁর খোঁজ নিয়ে এসেছেন। সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন। আঁখি আলমগীর বলেন, ‘আমি শুরু থেকেই ছিলাম পলির পাশে। এছাড়া ইন্ডাস্ট্রির সবাই জানেন যে কারো সঙ্কটের ক্ষেত্রে আমি ছুটে যাই। এসব ক্ষেত্রে প্রচারের জন্য কখনো কাউকে বলিনি।’ গতকাল কণ্ঠশিল্পী মিলা পলি সায়ন্তনীকে দেখে আসেন। মিলা বলেন, ‘পলি আপার সাথে পরিচয় যখন আমি আজকের মিলা হইনি তখন থেকেই।  সম্প্রতি ইত্তেফাকের ইন্টারভিউতে তিনি আমার সঙ্কটময় জীবনের কথাও তুলে ধরলেন। খুবই ভালো লাগলো। তাই হঠাত্ করেই তাঁকে দেখতে যাই। আমরা আমাদের পাশে একাট্টা হয়ে থাকলে, নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করলে আমাদের ভেতরের সমস্যাগুলো আমরাই সমাধান করতে পারবো।’ জানা যায়, পলি সায়ন্তনীকে সহযোগিতার লক্ষ্যেই শিল্পীদের সমন্বয়ে একটি জোটও করা হয়েছে। তাঁরা খোঁজখবর নিচ্ছেন।  পলি বলেন, ‘সত্যিই আমার ভেতরে হাহাকার ছিল যে, শিল্পীরা আমার পাশে কেন নেই। কিন্তু ইত্তেফাকে কথাগুলো ছাপা হওয়ার পর থেকে তাঁদের যে পরিমাণ সাড়া ও কাছে পাশে পাচ্ছি তা আমাকে মানসিক শক্তি দিচ্ছে ভীষণ। আমি কৃতজ্ঞ ইত্তেফাক পরিবারের কাছে।’