কুমিল্লায় সুমু হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট : ০৬ জুন ২০১৪, ২২:৫৯
কুমিল্লায় ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে নিহত সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহারের ভাতিজা ব্যবসায়ী আহসান হাবিব সুমু হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সালেহ আহমেদ রাসেলসহ ৩ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে ঢাকার মৌচাক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফের নেতৃত্বে বিকাল ৩টার দিকে পুলিশের একটি বিশেষ দল ঢাকার মৌচাক এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার আনারকলি মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুমু হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল, সাইফুল ও শওকতকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয়া কুমিল্লা কোতোয়ালী মডেল থানার এসআই শহিদুল ইসলাম সন্ধ্যা পৌনে ৭টায় জানান, গ্রেফতারকৃত ৩ আসামিকে সঙ্গে নিয়ে অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।