আইএসআই’র বিরুদ্ধে মামলা করেছে জিও টিভি

আপডেট : ০৭ জুন ২০১৪, ২০:৪০
পাকিস্তানে গোয়েন্দা সংস্থা আইএসআই’র বিরুদ্ধে মানহানির মামলা করেছে দেশটির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল জিও টিভি। আইএসআই জিও টিভির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তত্পরতা চালানোর অভিযোগ করার পর সংস্থাটির বিরুদ্ধে নজিরবিহীন এ মামলা হল।-বিডি নিউজ রাষ্ট্রবিরোধী তত্পরতার অভিযোগের কারণে টিভির সম্মানহানি হয়েছে উল্লেখ করে আগামী ১৪ দিনের মধ্যে এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য আইএসআই’র প্রতি আহ্বান জানিয়েছে জিও টিভি। তাছাড়া পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে টিভি চ্যানেলটি বলেছে, “মানহানি করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইএসআই ও ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-পেমরার কাছে আইনি নোটিসও পাঠিয়েছে জিও টিভি তথা জং গ্রুপ”। জিও টিভি তথা জং গ্রুপে কাজ করে ৮ হাজারেরও বেশি সাংবাদিক, কর্মী ও পেশাজীবী। পাকিস্তানজুড়ে এই গ্রুপের কর্মচারিদের পরিবারের সদসদেরকে কেবল যে হয়রানির শিকার হতে হচ্ছে তাই নয় তাদের ওপর হামলা এবং নির্যাতনও চলছে। কিছুদিন আগে জিও টিভির নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় উপস্থাপক হামিদ মীরের ওপর হামলা হয়। এ ঘটনায় আইএসআই’র হাত আছে বলে প্রতিবেদন প্রচারের পর টিভি চ্যানেলটির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তত্পরতার অভিযোগ আনা হয়। পরে জিও টিভি জানায় পাকিস্তানজুড়ে কেবল অপারেটররা টিভি সমপ্রচার প্রায় ৯০ শতাংশ বন্ধ করে দিচ্ছে। হামলার ঘটনায় আইএসআইকে দোষারোপের জন্য ক্ষমা চাওয়ার পর জিও টিভির বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়া হয় বলে জং গ্রুপের অভিযোগ। জিও টিভির বিরুদ্ধে সর্বশেষ পদক্ষেপে চ্যানেলটির লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি—পেমরা। হামিদ মীরের ওপর হামলার ঘটনায় আইএসআই’র জড়িত থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশের শাস্তি হিসাবে এপ্রিলেই জিও নিউজের লাইসেন্স স্থগিতের দাবি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এখন সেটিই বাস্তবায়ন হল। শুক্রবার এক বিবৃতিতে পেমরা বলেছে, জিওর লাইসেন্স স্থগিত করার পাশাপাশি ১ লাখ ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।