কর্মস্থলে অনুপস্থিত থাকায় শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ চিকিত্সককে শোকজ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মইন উদ্দিন আহমদ প্রেরিত নোটিস গতকাল শনিবার এখানে এসে পৌঁছেছে। গত বৃহস্পতিবার উপ-সচিব স্বাক্ষরিত ঐ নোটিসে উল্লে¬খ করা হয়েছে, গত ১৯ মে একটি দৈনিক পত্রিকায় ‘কর্মস্থলে থাকেন না বরিশালের এক ডজন চিকিত্সক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের ৬ চিকিত্সকের হাসপাতালে অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত চিকিত্সকরা হচ্ছেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এএইচ এম শফিকুর রহমান, সহকারী অধ্যাপক ডাঃ সৈয়দ মোঃ বাকি বিল্লাহ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ সাইদুর রহমান, ইউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আউয়াল, নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এম এম এহসান উল হক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাঃ নুরুজ্জামান।
