হূদরোগ থেকে রক্ষা পাবেন কিভাবে

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৮
রেডমিট, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, স্ট্রেস বা মানসিক চাপ ইত্যাদি নানা কারণে হূদরোগ বা হার্ট ডিজিজ হতে পারে। এসব একেবারেই পুরাতন কথা। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞ ড: স্ট্যানলি হ্যাজেন ও তার সহকর্মীরা হূদরোগের এক নতুন শত্রু বা কালপ্রিট শনাক্ত করেছেন। আর হূদরোগ সৃষ্টির এই নতুন শত্রুও পাওয়া গেছে রেডমিট বা লাল মাংসে। বিশেষজ্ঞগণ বলছেন, স্যাসুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল হূদরোগ সৃষ্টিতে সামান্যই ভূমিকা রাখে। যা এতদিন অনেক বড় করেই দেখা হতো। আর হূদরোগের এই নতুন শত্রু সম্পর্কে বলা হচ্ছে, রেডমিট আহারের পর এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ নি:সরিত হয় পাকস্থলীতে যা ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙ্গে যায়। লিভার বা যকৃত তখন এই কেমিক্যালকে টামো নামের অন্য একটি ক্ষতিকর কেমিক্যালে রূপান্তরিত করে। এই টামো অথবা কারনিটিন নামের কেমিক্যালটি রক্তে প্রবাহিত হয়ে হূদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। বিশেষজ্ঞগণ বলছেন, হূদরোগ সৃষ্টিতে টামোর ভূমিকা থাকায় এখন এন্টিবায়োটিকও হূদরোগের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি রক্তে টামোর (টিএমএও) পরিমাণ দেখেও হূদরোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। হূদরোগের নতুন শত্রু শনাক্ত সম্পর্কিত নতুন গবেষণা সম্পর্কে হারভার্ড স্কুল অব পাবলিক হেলথ-এর অধ্যাপক ড: ফ্রাংক স্যাকস উল্লেখ করেছেন, নতুন গবেষণাটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইমপ্রেসিভ। এই গবেষণার ফলাফল নিয়ে সন্দেহ করার মত কিছু নেই। এদিকে রেডমিট সম্পর্কে স্ট্যাডি অথার এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের সেলুলার এন্ড মলিকুলার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড: হ্যাজেন উল্লেখ করেন রেডমিট-এর সব কিছুই খারাপ এবং এটা পরিহার করতে হবে এমনটি বলা যাবে না। রেডমিট-এর প্রোটিন ও ভিটামিন অবশ্যই স্বাস্থ্যের জন্য দরকার। রেডমিট আহারে হূদরোগের ঝুঁকি কেন বাড়ে মূলত: তাই অনুসন্ধান করার জন্যই গবেষণা। বিশেষজ্ঞগণ ধারণা করতেন রেডমিটের শুধু কোলেস্টেরল ও স্যাসুরেটেড ফ্যাট থেকেই যে হূদরোগের ঝুঁকি সৃষ্টি হয় তা নয়। ড: হ্যাজেন আরো উল্লেখ করেন গবেষণায় প্রতীয়মান হয়েছে রেডমিটের কারনিটিন হচ্ছে হূদরোগ সৃষ্টির জন্য অন্যতম কালপ্রিট। বিশেষজ্ঞগণ বলছেন কারনিটিন নিজে এতটা ক্ষতিকর নয়। তবে পাকস্থলীতে এই কারনিটিন যখন ব্যাকটেরিয়ার মাধ্যমে মেটাবোলাইজড বা হজম হয় তখনই বিপদ হয় এবং কারনিটিন টামো হিসাবে রক্তে সঞ্চালিত হয়। ড: হ্যাজেন আর একটি উদ্বেগজনক তথ্য দিয়েছেন। আর তা হচ্ছে এনার্জি ড্রিংকসমূহেও কারনিটিন পাওয়া যায় এবং যা ফ্যাট মেটাবলিজমে ভূমিকা রাখে এবং হূদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই যাদের হূদরোগের ঝুঁকি বেশি তাদের রেডমিট ও এনার্জি ড্রিংকস সম্পর্কে সচেতন থাকা উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ