আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়ার মিরের চাঁনগাও এলাকার ব্যবসায়ী হাজী মুলামদী মন্ডলের বাড়ি মন্ডল ভিলায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির ৫ সদস্য গুরুতর আহত হন।
ব্যবসায়ী মুলামদী বলেন, শুক্রবার রাত ১টার দিকে ১০-১৫ জনের একদল মুখোশ পরিহিত ডাকাতদল মই দিয়ে দেয়াল পার হয়ে বাড়ির ভিতরে ঢুকে। পরবর্তীতে তারা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ৩টি কেঁচি গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে।
এসময় ডাকাত দলের সদস্যরা বাড়ির সকলকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্নালঙ্কার, ৩ লাখ টাকা মূল্যের ইউএস ডলার, ১২ লাখ নগদ টাকা, ৩ টি এসটিসি ও ১ টি আইনফোন, ১ টি ল্যাপটপ, ১টি শটগান ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাতদের হামলায় বাড়ির ৫ সদস্য আহত হয়। এদিকে ডাকাতির খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
