গাজীপুরে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই, আহত ১

আপডেট : ০৮ জুন ২০১৪, ২১:৩৩
গাজীপুরের শিববাড়ী মোড়ে রবিবার সকালে প্রকাশ্য দিবালোকে গুলি করে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানী লিঃ-এর পরিবেশকের ৪৯ লাখ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ঐ কোম্পানির গোডাউন কিপার মোহাম্মদ হারুন (৩০) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হারুনের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর জোরপুকুরপাড় রোডের ছায়াবীথি এলাকার হাসান বাণিজ্য বিতানের দ্বিতীয়তলা অফিস থেকে কোম্পানির ৪৯ লাখ ২৮ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন কোম্পানির গোডাউন কিপার মোঃ হারুন, মেইনটেন্যান্স সুপারভাইজার আরিফুল ইসলাম, লেবার আমির হোসেন ও চালক আবুল কাসেম। তারা কাভার্ডভ্যানে টাকার তিনটি ব্যাগ নিয়ে সাড়ে এগারটার দিকে শহরের শিববাড়ি মোড়ে সাউথ ইস্ট ব্যাংকের কাছে পৌঁছান। সেখানে তারা গাড়ি থেকে নামা মাত্রই পূর্ব থেকেই ওত্ পেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এ সময় লোকজন এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। এর মধ্যে দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি হারুনের কোমরের বাম পাশে বিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা টাকা ভর্তি তিনটি ব্যাগ ও আড়াই লাখ টাকার একটি চেক ছিনিয়ে নিয়ে দুইটি মোটর সাইকেলে পালিয়ে যায়। জয়দেবপুর থানায় মামলা হয়েছে।