মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি
বিজেপি জমানা নিয়ে সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তার সরকার সকলকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী। মোদির এমন আশ্বাসের পরও গোরক্ষকদের তাণ্ডব নিয়ে মোদিকে প্রশ্নবানে বিদ্ধ করেছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তার প্রশ্ন, মোদি এই ধরনের গোষ্ঠীর তাণ্ডব রুখতে কী পদক্ষেপ নিয়েছেন?
লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ঠিক পরপরই মধ্যপ্রদেশে ফের গোরক্ষকদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। সিওনীতে গোমাংস নিয়ে যাওয়া নিয়ে এক দম্পতিসহ তিনজনকে মারধর করার অভিযোগ উঠেছে পাঁচ গোরক্ষকের বিরুদ্ধে। আক্রান্ত ওই তিন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। কারণ, মধ্যপ্রদেশে গোমাংস রাখা বা বিক্রি করা বেআইনি।
ওই প্রসঙ্গ তুলে ওয়াইসি মোদির উদ্দেশ্যে বলেন, ‘সংবিধানে মানুষের জীবনের অধিকার স্বীকৃত, পশুর নয়। প্রধানমন্ত্রী যদি মনে করেন সংখ্যালঘুরা ভয়ে ভয়ে আছেন তাহলে তার জানা উচিত উত্তরপ্রদেশের দাদরিতে যারা মহম্মদ আখলাককে পিটিয়ে মেরেছিল তারা একটি নির্বাচনী জনসভার প্রথম সারিতে বসেছিল।’ ২০১৫ সালে দাদরিতে বাড়িতে গোমাংস রাখার ‘অপরাধে’ মহম্মদ আখলাককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ১৪ জন গ্রেফতার হয়। তাদের মধ্যে ১২ জন জামিন পেয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
ওয়াইসির প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী এই ধরনের গোষ্ঠীগুলোকে রুখতে কী ব্যবস্থা নিচ্ছেন? এই গোষ্ঠীগুলো মুসলিমদের পিটিয়ে খুন করছে। সেই ঘটনার ভিডিও পর্যন্ত করছে। আমাদের চূড়ান্ত অপমান করা হচ্ছে। মধ্যপ্রদেশের ঘটনাই এর সাম্প্রতিক নজির।’ তিনি আরো বলেন, ‘সংসদে মুসলিমদের প্রকৃত প্রতিনিধিত্বের বিষয়ে কি বিজেপি উদ্যোগী হয়েছে?
