কুমিল্লার নাঙ্গলকোটে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে অন্তত চল্লিশ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার উপজেলার বাসন্ডা গ্রামের হতদরিদ্র রিকশাচালক দ্বীন মোহাম্মদের বসত ঘরে আগুন লেগে মেয়ের বিয়ের জন্য সংগ্রহ করা আশি হাজার টাকা, ঘরের আসবাবপত্রসহ সম্পূর্ণ ঘর ভস্মীভূত হয়। একমাত্র বসত ঘর এবং মেয়ের বিয়ের সংগ্রহকৃত টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দ্বীন মোহাম্মদের পরিবার। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে। এদিকে একইদিন রাতে উপজেলার মক্রবপুর বাজারে সাহেদ চৌধুরীর মার্কেটে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ঘর ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতি হয় আনুমানিক ত্রিশ লক্ষ টাকা। ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
