বরিশালের আগৈলঝাড়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়েছে তার কাকা। ওই ছাত্রী আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি। এ ঘটনায় ভাতিজির মামলার আগেই থানায় গিয়ে ভাতিজিরি বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কাকা। আহত ওই ছাত্রীর নাম বীনা বিশ্বাস। সে উপজেলার বড় বাশাইল গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে।
ওই ছাত্রীর মা বাশাইল হাটের ঝাড়ুদার জোৎস্না বিশ্বাস। তিনি ইত্তেফাককে জানান, তার মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার সঙ্গে বাড়ির সীমানার গাছ নিয়ে ধীরেন্দ্র নাথ বিশ্বাসের ভাই পরেশ বিশ্বাসের (২২) সোমবার রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরেশ তার মেয়ে বীনাকে মারধর করে ঘরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে বীনা অজ্ঞান হয়ে পড়ে। রক্তাক্ত জখম অবস্থায় বীনাকে প্রথমে স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক বীনাকে উন্নত চিকিৎসার জন্য পরদিন উপজেলা হাসপাতালে ভর্তি করার জন্য পাঠান।
এদিকে বীনাকে মারধর করায় ফেঁসে যাওয়ার ভয়ে কাকা পরেশ নিজে হাসপাতালে ভর্তি হয়ে উল্টো থানায় বীনার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বীনাকে মারধরের সত্যতা পেয়েছেন বলে জানান এসআই মাকসুদুর রহমান।
ইত্তেফাক/নূহু
