প্রচন্ড গরমে নাভিঃশ্বাস উঠেছে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের। গতকাল রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল প্রায় ৪৮ ডিগ্রী সেলসিয়াস, যা গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এর আগে সেখানে তাপমাত্রা এত বেশি উঠেছিল ১৯৫২ সালে। খবর এনডিটিভির।
সূত্র জানায়, ১৯৯৫ সালের ১৬ জুন দিল্লির তাপমাত্রা উঠেছিল প্রায় সাড়ে ৪৭ ডিগ্রী সেলিসিয়াস। ৬২ বছর পর সেই রেকর্ড ভেঙে গেল। গতকাল প্রচন্ড গরমের কারণে রাজপথে লোকজন চলাচল কমে যায়। একটু ঠান্ডা পরিবেশ পেতে সবাই ছুটতে থাকে নিজ নিজ বাড়ির দিকে। যানবাহনেও লোকজনকে প্রচন্ড কষ্ট সহ্য করতে হয়। অস্থিতিশীল আবহাওয়ার কারণে এয়ারপোর্টেও সতর্কতা জারি করা হয়। সেখান থেকে বলা হয় ফ্লাইটে বিঘ্ন ঘটতে পারে। তাই যাত্রীদের কম লাগেজ আনতে পরামর্শ দেয়া হয়।
গত কয়েক দিন ধরেই দিল্লিতে গরম বাড়ছিল। তবে তাপমাত্রা ৪৫ ডিগ্রী এর কাছাকাছি ছিল। গতকালই তাপমাত্রা হঠাত্ এত বেড়ে যায়। গরমের কারণে অনেক এলাকায় বিদ্যুত্ সংকটও বেড়ে যায়।
