মিয়ানমার সীমান্তে রিংরোড, কাঁটাতারের বেড়া নির্মাণ হবে

আপডেট : ০৮ জুন ২০১৪, ২৩:২১
বাংলাদেশ সরকার মিয়ানমার সীমান্তে রিংরোড এবং কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রবিবার সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়ে তিনি জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। স্ব্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে অপরাধ দমন তথা মাদক দ্রব্য চোরাচালান প্রতিরোধকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত, মিয়ানমার, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের স্থল সীমান্তে কাঁটাতারের বেড়া ও তত্সংলগ্ন রিংরোড রয়েছে। এই রিংরোড দিয়ে গাড়িতে টহলের মাধ্যমে গোটা সীমান্ত্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রতিবেশী দেশ ভারত রিংরোড ও কাঁটাতারের বেড়ার মাধ্যমে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও বাংলাদেশ সীমান্তে এধরনের যৌথ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। তবে সরকার মিয়ানমার সীমান্তে ২৮৫ কিলোমিটার রিংরোড ও কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি ধাপে এই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। খাদ্যে ফরমালিন রোধে কঠোর হচ্ছে আইন এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খাদ্যে ফরমালিনের ব্যবহার নিষিদ্ধ করতে এবং এসংক্রান্ত অপরাধের সাজা কঠোর করতে ভোক্তা অধিকার আইন সংশোধন করা হচ্ছে। গতকাল সংসদে তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি পয়েন্ট অব অর্ডারে খাদ্যে ফরমালিন ব্যবহারের বিষয়ে কথা বললে জবাবে বাণিজ্যমন্ত্রী একথা জানান। তোফায়েল আহমেদ বলেন, ফরমালিন নিষিদ্ধ। তবে কিছু কিছু কারখানায় ফরমালিন ব্যবহার হয়। খাদ্যে ভেজাল রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ সেল আছে। খাদ্যে ফরমালিন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আইনে দেয়া সাজা কঠোর না হওয়ায় ভেজাল রোধ করা যাচ্ছে না। তাই সাজা কঠোর করে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি অধিবেশনেই তা পাস হতে পারে। মন্ত্রী আরো বলেন, ফরমালিনযুক্ত খাবারের ব্যাপারে দেশবাসীকেও সচেতন হতে হবে।