ব্রাজিলের সাও পাওলো শহরে চলতে থাকা ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছে রেল কর্মচারীরা। এদিকে কর্মচারীদের কাজে ফিরে যেতে শ্রম আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রবিবার তারা এ সিদ্ধান্ত নিল। দেশটিতে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এ ধরনের বিক্ষোভে বিপাকে পড়তে পারেন খেলা দেখতে আসা দর্শকরা। আসছে বৃহস্পতিবার অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচটি এই শহরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আদালত জানায়, ইউনিয়ন তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। এদিকে শহরটির গভর্নর গেরাল্ডো এ্যালকমিন বলেছেন, সোমবার যদি কোন কর্মচারী কাজে না আসে তবে তাদেরকে ছাঁটাই করা হবে। গত বৃহস্পতিবার থেকে শহরটির বেশিরভাগ মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে। এরফলে শহরটিতে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। শুরু থেকেই শ্রমিকরা তাদের বেতন শতকরা ১২.২ ভাগ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানীগুলো বেতন প্রায় শতকরা ৯ ভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে শ্রমিকদের। এদিকে রেল কোম্পানীগুলো বিশ্বস্ততার সাথে কাজ করছে বলে জানিয়েছে আদালত।
আদালত আরো জানিয়েছে, কাজ না করার ফলে শ্রমিকরা ধর্মঘটের শর্ত ভঙ্গ করছে। এছাড়া প্রথম চারদিনের ধর্মঘটের জন্য ইউনিয়নকে একদিনে ১ লাখ ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে এবং সোমবার থেকে এ পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫ লাখ ডলারে। আদালতের এই নির্দেশ জারি করার কয়েকঘন্টা পর ইউনিয়ন ভোটের আয়োজন করে এবং আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।
