না’গঞ্জ-৫ উপ-নির্বাচন
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে এখন চারজন। ১৩ জন মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচন কমিশন ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তার মধ্যে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ভোটের চূড়ান্ত লড়াইয়ে এখন রয়েছে চারজন।
তারা হলেন - জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, এ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এবং বর্তমানে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ।
সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ জানান, নির্বাচনে বৈধ ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন নির্বাচনে রয়েছে ৪ জন।
আইন-শৃঙ্খলা বৈঠক ১৫ জুন
আমাদের স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
