আগরতলার ব্যবসায়ীদের ধর্মঘট
আগরতলা স্থলবন্দরে ব্যবসায়ীরা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে আখাউড়া স্থলবন্দর ও আগরতলা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আখাউড়া স্থলবন্দরে আটকে থাকা ৮০টি ট্রাকের পণ্য রফতানি হয়েছে আগরতলায়। ত্রিপুরার আগরতলা স্থলবন্দর এলাকায় গাড়ি পার্কিং করলে ৫ হাজার রুপি জরিমানা করা হবে মর্মে এ সিদ্ধান্তের প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
বন্দর সূত্রে জানা গেছে, গত রবিবার থেকে আগরতলা বন্দর কর্তৃপক্ষ স্থলবন্দর এলাকায় গাড়ি পার্কিং করলে ৫ হাজার রুপি জরিমানা করা হবে এ আদেশ জারি করে। এর প্রতিবাদে রবিবার কোন পণ্য আমদানি-রফতানি হয়নি। আগরতলা বন্দর কর্তৃপক্ষের সাথে ঐ দেশের ব্যবসায়ীরা রবিবার বিকালে বৈঠকে বসেন। বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা সোমবার থেকে লাগাতার ধর্মঘট পালন করছেন। এর আগে গত শুক্রবার রাতে বিএসএফ ও গ্রামবাসীদের সংঘর্ষের প্রতিবাদে গত শনিবার ও রবিবার ধর্মঘটের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ঐ দুই দিনে বন্দরে আটকা পড়া পণ্যগুলো সোমবার রফতানি হয়েছে আগরতলায়। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মোঃ হামিদুর রহমান বলেন, পূর্বের আটকে পড়া পণ্যগুলো রফতানি হয়েছে। নতুন করে কোন পণ্য নিচ্ছে না আগরতলা।
