ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স-এ নবীনবরণ

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৫২
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সে নবীনবরণ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃতি, নৃত্য, সংগীত, ফ্যাশন-শো দর্শক-শ্রোতাদের মনোমুগ্ধ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগামীদিনের ভবিষ্যত্ উল্লেখ করে বক্তারা বলেন, নিজেদের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সোমবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। ড. হুসাইন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি ক্যারিয়ার সচেতন হবারও পরামর্শ দেন। মূল্যবান সময়ের অপচয় না করতে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার তাগিদ দেন নবীন শিক্ষার্থীদের। কলেজের চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নূরুন নাহার বেগম। বিশেষ অতিথি ছিলেন অন্তর শো-বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। উল্লেখ্য, অনুষ্ঠানে কলেজের ২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।