ফরিদপুরে চাঁপা রানী হত্যায় পলাতক দেবাশীষ সাহার মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ জুন ২০১৪, ২৩:১৭
গতকাল সোমবার ফরিদপুরের চাঞ্চল্যকর চাঁপা রানী ভৌমিক হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার প্রধান আসামি পলাতক দেবাশীষ সাহা ওরফে রনি সাহাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক। মামলার রায়ে অপর দুই আসামী সঞ্জয় বিশ্বাস অপু এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। নিহত চাঁপা রানীর স্বামী স্বপন বিশ্বাস রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি অবিলম্বে পলাতক আসামি দেবাশীষ সাহাকে গ্রেফতার করে সাজা কার্যকরের দাবি জানান। উল্লেখ্য, স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ২০১০ সালের ২৬ অক্টোবর বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের পশ্চিম গাড়াখোলা এলাকার নিজ বাড়ির সামনে বখাটে দেবাশীষ সাহা ওরফে রনি সাহা ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মচারী চাঁপা রানীকে তার মোটর সাইকেল দিয়ে পিষ্ট করে। এতে চাঁপা রানী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। ওইদিন সন্ধ্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।