গল্প নয় সত্যি

হেঁটে হেঁটে ব্রাজিল!

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৫৩
গোটা দুনিয়ার কমবেশি সবাই এখন কাঁপছে ফুটবল জ্বরে। আর বিশ্বকাপ ফুটবলের এই মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের ভক্ত-সমর্থকরা যখন তাদের প্রিয় দলের জন্য মজার মজার সব কাণ্ড ঘটাচ্ছেন তখন সম্পূর্ণ ব্যতিক্রমী এক কাজ করেই সংবাদ শিরোনাম হয়েছেন ইংল্যান্ডের চার ফুটবল ভক্ত। অ্যাডাম বার্নস, ডেভিড বিউইক, পিট জনস্টন ও বেন ওলসেন নামের চার যুবকের এই দলটি একটি মহত্ লক্ষকে সামনে রেখেই প্রায় ১,৯৬৬ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে পৌঁছেছেন ব্রাজিলের দক্ষিণে অবস্থিত অন্যতম আয়োজক শহর পোর্তো আলেগ্রেতে। আর প্রায় তিন মাস সময় নিয়ে এই দূরত্ব অতিক্রমের পথে ইংল্যান্ডের চার সমর্থক ব্রাজিলের ভয়াবহ খরা আক্রান্ত উত্তরাঞ্চলের একটি গ্রামে কুয়া স্থাপনের জন্য প্রয়োজনীয় তহবিলও সংগ্রহ করেছেন। নিজেদের অসাধারণ এই অভিজ্ঞতা আর দুঃসাহসিক অভিযাত্রা সম্পর্কে জানাতে গিয়ে চার সমর্থকের একজন পিট জনস্টন বলেছেন, ‘হেঁটে হেঁটে ব্রাজিল যাবার পথে আমরা যেসব স্থান দেখেছি বা যাদের সাথে কথা বলেছি তার সবকিছুই এটিকে সারা জীবনের জন্য অমূল্য এক অভিজ্ঞতায় পরিণত করেছে। তাছাড়া আপনি যখন পায়ে হেঁটে কোনো দেশ ভ্রমণ করবেন তখন এমন অনেক সূক্ষ বিষয়ও আপনার চোখে পড়বে যেগুলো অন্য কোনো উপায়ে সম্ভব নয়।’ মূলত আর্জেন্টিনার মেন্ডোজা থেকে বার্নস, বিউইক আর জনস্টন মিলেই প্রথম ব্রাজিলের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছিলেন। আর কয়েক সপ্তাহ পরে তাদের সাথে যোগ দেন ওলসেনও। দীর্ঘ এই যাত্রাপথে উরুগুয়ে হয়ে ব্রাজিলের সমুদ্রতীর ধরে হাঁটতে গিয়ে এই চার যুবক যেমন অসংখ্য ফুটবল ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন তেমনি ষাঁড়ের মুখোমুখি হওয়া, বিদ্যুত্স্পৃষ্ট হওয়া কিংবা সানস্ট্রোক ও পেশীতে টান লাগার মতো বহু ধকলের মুখোমুখিও হয়েছেন। এ ছাড়া হেঁটে ব্রাজিল পৌঁছানোর এই অভিযাত্রায় শেষ সপ্তাহ থেকে তাদেরকে ছায়ার মতো অনুসরণ করেছে একটি ল্যাব্রাডর কুকুরও যার নাম ভালোবেসে তারা রেখেছিলেন জেফারসন। সব মিলিয়ে পুরো এই প্রক্রিয়াটিতে উত্তর-পূর্ব ব্রাজিলের বাহিয়া গ্রামে কুয়া নির্মাণের জন্য বিশ হাজার পাউন্ডের অর্থ সংগ্রহ করতে চেয়েছিলেন এই চার যুবক। আর তাদের এই লক্ষ অর্জনের পথে সরাসরি সাহায্যের পাশাপাশি অনলাইনেও অনেক সাহায্য এসেছে।