জাবির পার্শ্ববর্তী এলাকা থেকে দুই মাদক বিক্রেতা আটক

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী পাথালিয়া গ্রামের বটতলা বাজার থেকে ইয়াবা ব্যবসায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বটতলা বাজারে ইয়াবা বিক্রি করছে এমন সন্দেহে বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের ঝাড়ুদার রোকেয়া আক্তারের ছেলে মো. মহসিন (২০) ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের মালি মো. আবুল হোসেনের ছেলে মো. আব্দুল হালিমকে (২৫) স্থানীয়রা আটক করে। পরে রাত সাড়ে ১২টায় আশুলিয়া থানা পুলিশে আটককৃতদের সোপর্দ করে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয়রা। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে আটক মো. মহসিন ও আব্দুল হালিম জানান, তাদের ৬ জনের একটি গ্রুপ আছে। পাথালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. মোসলেম উদ্দিন জানান, ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়রা দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সাংবাদিকদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এই গ্রুপের অন্য সদস্যদের আটক করা হবে।