মৃত্যুর পর দেহদান করার অঙ্গীকার করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চক্ষুদানের অঙ্গীকার করেছেন শিল্পা শেঠি।
দেবদূত ঘোষ পরিচালিত তথ্যচিত্র ‘প্রাণ থেকে প্রাণ’ -এর স্ক্রিনিং অনুষ্ঠানে দেহদানের আনুষ্ঠানিক ঘোষণা করেন ঋতুপর্ণা। এমন সিদ্ধান্তের পেছনে কারণ জানতে চাইলে ঋতুপর্ণা জানান, আমাদের আশেপাশে বহু মানুষই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাই মৃত্যুর পর দেহের কোন অঙ্গ যদি কারুর কাজে লাগে তাহলে তাকে পুনর্জন্ম বলা যেতে পারে। ঋতু জানিয়েছেন, বহুদিন ধরেই মরণোত্তর চক্ষুদানের ইচ্ছে ছিল। কুসংস্কার ছেড়ে মানবজাতির সেবায় এভাবে কাজে আসতে ঋতু সকলের কাছে আর্জিও জানিয়েছেন।
অন্যদিকে, মৃত্যুর পর নিজের চোখ দান করার সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সমপ্রতি মহরাষ্ট্রের আহমেদনগর জেলার সোনাই গ্রামে বিখ্যাত মন্দির শানি শিংগানাপুরে গিয়ে মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নেন শিল্পা। একটি এনজিও-র অঙ্গীকারপত্রে এই মর্মে স্বাক্ষর করেন। কিছুদিন আগে একই এনজিওর সঙ্গে চক্ষুদানের চুক্তি করেছেন শিল্পার ছোটবোন শামিতা শেঠিও। এর আগে স্বামী রাজ কুন্দ্রা এবং বাবা সুরেন্দ্র শেঠির সঙ্গে শিরডিতে সাঁই বাবার মন্দিরেও যান শিল্পা। শিল্পা বলেছেন, যদি ওই চোখ দিয়ে একজন দেখতে পান তবে তা হবে এক দারুণ তৃপ্তির বিষয়।
