বজ্রপাতে মা-ছেলেসহ ৬ জনের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:৫৮
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে গত সোমবার রাতে বজ্রপাতে মা-ছেলেসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বটতলা গ্রামের আয়েশ উদ্দীন (৫৫), ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রামের আমিরুল ইসলাম (২৭), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লাউঘাট্টা গ্রামের সাদিকুল ইসলাম (৪০), শিবগঞ্জ পৌর এলাকার বিরামপুর গ্রামের রুহুলের স্ত্রী শিরিন আক্তার (২৬) ও তার ছেলে আবু সাইদ (৪), গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের সাইফুল ইসলাম (৪৫)। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে ও বাড়ি ফেরার সময় বজ্রপাতে তারা মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর থানার ওসি বজ্রপাতে ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, সোমবার রাত ১০ টায় নাটোরের লালপুর উপজেলার মোড়দহ গ্রামে বজ্রপাতে জাহিদ হাসান (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের জাফর আলীর পুত্র এবং বোয়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। বেলাবতে নিহত ১ বেলাব (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর বেলাবতে বজ্রপাতে হোসেন মিয়া (১৪) নামে এক কিশোর নিহত এবং আমজাত হোসেন (৩২) ও আনোয়ার হোসেন (২৮) নামে দুই ভাই আহত হয়েছে। নিহত হোসেন মিয়া উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বরের (মৃধা বাড়ির) আবু তাহেরের ছেলে, আহত দুই ভাই একই গ্রামের আজম আলীর ছেলে। আহতদের মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভৈরবে এক যুবকের মৃত্যু ভৈরব সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ভৈরবের পল্লীতে বজ্রপাতে মোহন মিয়া (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী (২০) ও বাদশা (১৯) নামে অপর দুই যুবক গুরুতর আহত হয়েছে।