ফুলবাড়ি শহরে যানজট জনদুর্ভোগ চরমে

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:২৮

সড়কে ট্রাক দাঁড় করিয়ে পণ্য ওঠানামা

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ি পৌরসভা কাগজ-কলমে প্রথম শ্রেণির হলেও জনদুর্ভোগ কমছে না পৌরবাসীর। শহরের ছোট-বড় সড়কে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে পণ্য ওঠানামা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পৌর শহরের ননী গোপাল মোড় থেকে ড্রাগন ক্লাব পর্যন্ত ভোর থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন পণ্যবাহী ছোটবড় অন্তত সাত থেকে ১২টি যানবাহন সড়কের ওপর অবস্থানসহ পণ্য ওঠানামা করে থাকছে। এতে অধিকাংশ সড়কজুড়ে যানবাহনগুলো দাঁড় করে পণ্য ওঠানামা করার কারণে পথচারীদের হেঁটে ওই সড়ক দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মার্কেটগুলোতে ক্রেতাদের জনসমাগম বেড়ে যাওয়ায় দুর্ভোগ যেন আরো বেড়ে গেছে অসহনীয় পর্যায়ে। পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক বলেন, পৌর শহরের ব্যস্ততম সড়ক ননীগোপাল মোড় থেকে বাংলা স্কুল মোড় পর্যন্ত সড়কে পণ্যবাহী ট্রাক, ট্রলি ও নছিমন-করিমন চলাচলসহ সড়কে চলাচল ও পণ্য ওঠানামা না করা হয়েছে। এরপরও কেউ ট্রাক দাঁড় করে পণ্য ওঠানামা করলে সেটি দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, ছোট সড়কে বড় বড় যানবাহন চলাচল ও সড়কে রেখে পণ্য ওঠানামা বন্ধের জন্য ইতিপূর্বে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিসহ পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এরপরও অবস্থার পরিবর্তন না ঘটলে জনগণের দুর্ভোগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।