সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:৪৯

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে পৃথক সড়ক দুর্ঘটনা পাঁচ নারীসহ সাতজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে সয়দাবাদ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কড্ডার মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, বুধবার রাতে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের সয়দাবাদে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। তারা হলেন ট্রাকচালক বগুড়ার শিবগঞ্জ থানার আমতলী গ্রামের মুর্শিদুল ইসলাম (৩৫) এবং অপর ট্রাকের হেলপার যশোরের কুতুবআলি গ্রামের আকতার আলীর পুত্র আরিফ (২২)।  এ সময়  তিনজন আহত হন। 

 

অপরদিকে, বৃহস্পতিবার সকালে একই সড়কের কড্ডা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আরিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী একটি বাসের মুখোমুখী সংঘর্ষে পাঁচ নারী নিহত হন। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার হাটিকুডুল থানার হাটিপাড়া গ্রামের আব্দুলের স্ত্রী সুমি আকতার আয়শার পরিচয় পাওয়া গেছে। এ সময় অন্তত ২২ জন আহত হন।

 

 

ইত্তেফাক/ইউবি