পাঁচ হাজার নারী উদ্যোক্তাকে মূলধারায় আনার প্রত্যয়

আপডেট : ১১ জুন ২০১৪, ২১:৩৯
২০২০ সালের মধ্যে পাঁচ হাজার নারী উদ্যোক্তাকে মূলধারার উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২০২০ সালে পাঁচ হাজার নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়। বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমদ জানান, প্রকল্প বাস্তবায়নে ২১৮ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরের এ প্রকল্পে প্রথম তিন বছর ৪৭ কোটি টাকা করে এবং পরবর্তী দুই বছর যথাক্রমে ৪২ কোটি ও ৩৫ কোটি টাকা লাগবে। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারীদের স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় নেতৃত্ব দেয়ার উপযোগী করে গড়ে তোলা হবে। অনুষ্ঠান উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, বিডব্লিউসিসিআইয়ের সদ্যবিদায়ী সভাপতি সংগীতা আহমেদ।