নওগাঁয় মন্দিরে আগুন বগুড়ায় দখলের চেষ্টা

আপডেট : ১১ জুন ২০১৪, ২৩:০৫
মঙ্গলবার রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুরে রাস লক্ষ্মী মন্দিরের কিছু অংশ আগুনে পুড়ে যায়। এদিকে বগুড়া শহরের একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে জাল কাগজপত্র তৈরি করে প্রায় ২ শত বছরের পুরাতন মন্দির ভেঙ্গে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর ইত্তেফাক প্রতিনিধিদের। নওগাঁ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুরে রাস লক্ষ্মী মন্দিরের কিছু অংশ আগুনে পুড়ে যায়। এতে মন্দিরের বেড়া ও টিনের ছাউনির ক্ষতি সাধিত হয়েছে। তবে মন্দিরে থাকা ৬টি প্রতিমার কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ওই গ্রামের বাসিন্দা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বৈদ্যনাথ বাবু বলেন, রাত আড়াইটার দিকে মন্দিরে আগুন লাগে। তাত্ক্ষণিক গ্রামবাসীকে ঘুম থেকে ডেকে আগুন নিভানো হয়। মূর্তিগুলোর কোন ক্ষতি না হলেও মন্দিরের বেড়া ও টিনের ছাউনির ক্ষতি সাধিত হয়েছে। এ সময় মন্দিরের পাশে ২টি খড়ের গাদা আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ঘটনার পর থানায় সংবাদ দিলেও গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোন পুলিশ ঘটনাস্থলে আসেনি। নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু বলেন, ওই গুচ্ছ গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রায় ৩ বছর আগে অস্থায়ীভাবে ওই মন্দির নির্মাণ করে পূজা করছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বিকাল ৬টার দিকে জানান, ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন সন্ধ্যা ৭ টার দিকে মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া শহরের একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে জাল কাগজপত্র তৈরি করে প্রায় ২শ বছরের পুরাতন মন্দির ভেঙ্গে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহরের কাটনারপাড়া ঐতিহ্যবাহী ছোট দত্তবাড়ির মন্দিরের সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন অসীম কুমার দত্তসহ কয়েকজন।। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, মন্দির সম্পত্তির অবৈধ দখলদার স্থানীয় একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী বাহিনী নিয়ে মন্দিরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলেছে। প্রভাবশালী সেখানে বাণিজ্যিক ভবন প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।