আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১২ জুন ২০১৪, ২১:৩২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌ-বন্দরের পার্কিং ইয়ার্ড ও ওয়্যার হাউজের জন্য প্রস্তাবিত স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা বৃহস্পতিবার সকালে উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে আন্তর্জাতিক নৌ-বন্দরের প্রায় ৬৭ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত জায়গায় বন্দর সুবিধা বৃদ্ধিতে দ্রুত অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান বিআইডব্লিউটিএ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,আশুগঞ্জ নৌ-বন্দর উন্নয়নে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে প্রায় ৫কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে নৌ-বন্দরে ২কোটি ৯৪ লাখ টাকার নতুন আর.সি.সি জেটি ও সংযোগ সড়ক উন্নয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পার্কিং ইয়ার্ড ও ওয়্যার হাউজ স্থাপনের কার্যাদেশ পেলেও নির্ধারিত ভূমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠায় নির্মাণ কাজ শুরু করতে পারেনি নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান। অভিযানে প্রায় ৬৭ শতাংশ জায়গা অবৈধ দখল মুক্ত করায় আগামী ৩দিনের মধ্যে উল্লেখিত প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার-উন-নেছা শিউলি।