সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩৩

ভেদরগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা ভেদরগঞ্জ উপজেলায় সোমবার যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভোর ৫টার দিকে উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, চট্টগ্রাম থেকে একটি বাস খুলনার উদ্দেশে ছেড়ে আসে। পথে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছে।

সুজানগরে ৪৫ মণ ভেজাল ঘি জব্দ

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে একটি নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪৫ মণ ভেজাল ঘি এবং ঘি তৈরির কেমিক্যাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলার চরগোবিন্দপুর গ্রামের সুনিল কুন্ডুর বাড়িতে অভিযান চালিয়ে ওই ঘি ও কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত ঘির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত্ দেবনাথ আমিনপুর থানা পুলিশের সহায়তায় ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম হাসান এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভি এস ডা. আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনেক আগেই কারখানার মালিক সুনিল কুন্ডু এবং মিলন ঘোষ পালিয়ে যায় বলে জানান আমিনপুর থানার এসআই খোকন চন্দ্র দাস।

কসবায় মিষ্টির দোকানকে জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কসবা উপজেলার কুটি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উত্পাদন ও মজুদ রাখার দায়ে রাধানাথ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম আদালত পরিচালনা করেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন কুটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উত্পাদন করার দায়ে এক মিষ্টি বিক্রেতাকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ৩ মাংস বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সুগন্ধা নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটির মগড় ইউনিয়নের সুজাবাদ চর এলাকার সুগন্ধা নদী থেকে ভাসমান অজ্ঞাত এক তরুণীর লাশ বরিবার বিকালে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মগড় ইউনিয়নের সুজাবাদ চর এলাকার এমএম ব্রিক সংলগ্ন সুগন্ধা নদীতে এক তরুণীর লাশ ভাসমান দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই তরুণীর বয়স আনুমানিক ১৫/১৬ বছর। গায়ের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে হত্যা করে সুগন্ধা নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে। সোমবার ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে লাশ প্রেরণ করা হয়ছে।

কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার কাউখালী বন্দরের দক্ষিণ বাজারে পশু খাদ্যের দোকানগুলোতে মত্স্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় প্রায় ৮ মণ ভেজাল পশু খাদ্য এবং নিষিদ্ধ দাদা লবণ জব্দ করে নষ্ট করা হয়। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শওকত আলী উপস্থিত ছিলেন।

রংপুরে সৌদি সাহায্য সংস্থার সাড়ে পাঁচ

হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর সৌদি বেসরকারি সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব রিলিফ এন্ড ডেভলপমেন্ট  এর উদ্যোগে রংপুর ও নীলফামারী জেলার ছয়টি উপজেলায় সাড়ে পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে নগরীর বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুপুরে তারাগঞ্জ উপজেলার ভিমপুর শাইলবাড়ী দাওড়া হাদিস মাদ্রাসা  দরিদ্র এবং অসহায় নারী পুরুষের মধ্যে তালিকা প্রস্তুত করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ২৫ কেজির প্যাকেটে খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ছোলা, চিনি, লবণ ও সয়াবিন তেল। সাহায্য সংস্থার পক্ষে মোহাম্মদ আল কোরায়শী, খালেদ আবু বকর, শাহীন আলম, রংপুর সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিল মো. সেকেন্দার আলী ও কাউন্সিলর হাসনা বেগম এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী পেয়ে সুবিধা বঞ্চিত মানুষরা কিং সালমান ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

০০০