ডাকসু ভিপির ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩৪

বগুড়ায় ইফতার মাহফিলে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর হামলা করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলার প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে সংগঠনটি। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসি থেকে অপরাজেয় বাংলায় আসেন। মানববন্ধনে হামলাকারীদের একটি তালিকা প্রকাশ করেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। ভিডিও ফুটেজ দেখে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। তালিকায় আছেনু বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাকভির ইসলাম খান ও প্রচার সম্পাদক মো. মুকুল ইসলাম।

মানববন্ধনে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ডাকসু ভিপিসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করা না হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ ইউনিট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।