প্রধানমন্ত্রীর শেখ হাসিনা শনিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। তার সাম্প্রতিক চীন সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত বুধবার চীন সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে ৬ জুন ছয় দিনের সরকারি সফরে চীন পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এবারের এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের দুইটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক এবং দুইটি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সাথে শীর্ষ বৈঠক শেষে এসব স্বাক্ষর হয়। চুক্তি দুইটি হলো- বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা এবং পটুয়াখালীতে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক গুরুত্বপূর্ণ বিদ্যুত্ কেন্দ্র প্রতিষ্ঠা। সমঝোতা স্মারকগুলো হলো- চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও বিনিয়োগ অঞ্চল প্রতিষ্ঠা, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় গার্মেন্টস পল্লী প্রতিষ্ঠা। পত্র বিনিময় (ইওএল) দুইটি হলো- বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে দুর্যোগকালীন উদ্ধার সরঞ্জামের দ্বিতীয় ব্যাচ এবং বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সম্ভাব্যতা জরিপ সংক্রান্ত পত্র বিনিময়।
