বরিশাল উপ-নির্বাচন রবিবার

ভোটার উপস্থিতি নিয়ে শংকা, ভোট বর্জনের আহবান বিএনপির

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:০৩
বরিশাল সদর আসনে উপ-নির্বাচনের বাকি আর মাত্র একদিন। অথচ আদালতের কাছ থেকে কোন সিদ্ধান্ত পাননি নির্বাচন কমিশনের বাতিল ঘোষিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইন। নির্বাচনে অংশ নেয়া অপর প্রার্থী বিএনএফ মনোনীত সাইফুল ইসলাম লিটনও মাঠে নেই। নির্বাচনী প্রচারণায় রয়েছেন একমাত্র আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেবুন্নেছা আফরোজ। তবে নিশ্চিত বিজয় জেনেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি রয়েছেন টেনশনে। ভোটারদের ভোটকেন্দ্রে হাজির করাকেই আওয়ামী লীগ চ্যালেঞ্জ মনে করছে। অন্যদিকে গত তিনদিন যাবত্ বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বলে জানা গেছে। বিজিবি মোতায়েন: এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিজিবি এখানে এসে পৌঁছেছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শহিদুল আলম ইত্তেফাককে জানান, আজ শুক্রবার থেকেই মাঠে নামবে বিজিবি। এর বাইরে পুলিশ ও আনসার ছাড়াও আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। যে কোন মূল্যে উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। প্রসঙ্গত, মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য শওকত হোসেন হিরনের আকস্মিক মৃত্যুতে সদর আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন তার সহধর্মিনী জেবুন্নেছা আফরোজ।