জেলায় ওসমানী মেডিক্যাল কলেজের ছাত্র ও ছাত্রদলকর্মী তাওহীদুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তের মেয়াদ আরো দুই সপ্তাহ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার এই হত্যা মামলা তদন্তে গঠিত কমিটির তদন্ত রিপোর্ট জমা দেয়ার কথা ছিল; কিন্তু এই সময়ের মধ্যে কমিটি তাদের তদন্ত কাজ সম্পন্ন করতে পারেনি বিধায় কলেজ কর্তৃপক্ষ আরো দুই সপ্তাহের সময় দিয়েছে কমিটিকে। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে গতকাল কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়।
কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান, গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও কমিটির প্রধান অধ্যাপক একেএম মোশাররফ হোসেন তদন্ত কাজ শেষ করতে আরো সময় চাইলে দুই সপ্তাহ সময় দেয়া হয়। তিনি বলেন, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সাথে তদন্ত দল কথা বলতে পারেননি। তাই তদন্ত কাজ শেষ করা যায়নি।
গত ৪ জুন সন্ধ্যায় ওসমানী মেডিক্যাল কলেজের আবুসিনা ছাত্রাবাসের একটি কক্ষে ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলামকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা। এদিকে এঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ জুন পর্যন্ত ওসমানী মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। অধ্যক্ষ জানান, আগামীকাল রবিবার মেডিক্যাল কলেজ খুলবে এবং ক্লাস-পরীক্ষা শুরু হবে।
খুনিদের শাস্তি দাবি
ছাত্রদলের নেতা তাওহীদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের প্রধান ফটকে গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সকল খুনিকে গ্রেফতার করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্র যুগ্ম সম্পাদক সাঈদ আহমদ, সাহিত্য তথ্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সহ-সম্পাদক জাকির আহমদ প্রমুখ।
