সাদা দাড়ি, ঝরে যাওয়ার পর রয়ে যাওয়া মাথার হালকা চুলের সব কটিই পাকা। তা টুপিতে ঢেকে প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হন করিম মিয়া। ছেলে-মেয়েদের বড় করেছেন, তাদের বিয়ে দিয়েছেন। তারা নিজের দায়িত্ব নিয়েছে। কিন্তু বাবা আর -মাকে তারা নিজেদের কাছে নিতে অপারগ বলে জানিয়েছেন। তাই পঁচাত্তর বছর বয়সে জীর্ণশীর্ণ শরীর, চামড়ার অসংখ্য ভাঁজ আর ক্ষীণ দৃষ্টি নিয়ে তিনি রিকশাওয়ালা হতে বাধ্য হয়েছেন। করিম মিয়ার মতো অজস্র রিকশাওয়ালাদের দেখা যায় শহরে। শুধু রিকশা নয় পঁচাত্তর থেকে আশি পেরোনো অনেক প্রবীণই আজ কায়িক পরিশ্রম করে জীবনের শেষবেলাতে নিজের অন্ন জোগাড় করতে বাধ্য হচ্ছেন। সরকারের প্রবীণ ভাতার হাত ওদের স্পর্শ করতে পারছে না। আর গত বছর অক্টোবরে সংসদে পাস হওয়া পিতা-মাতার ভরণ-পোষণ বিলের কোন সুফল মিলেনি তাদের। এমনই বাস্তবতায় আজ অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালন করা হচ্ছে বিশ্ব বাবা দিবস। সমাজ সচেতনরা বলছেন সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে প্রবীণদের। সরকারকে দায়িত্ব নিতে হবে সাংবিধানিক অধিকার নিশ্চিত করে। আর শুধু আইন করে নয় পারিবারিক সামাজিক মূল্যবোধ জোরদার করে প্রবীণ বয়সে বাবা-মার পাশে থাকার ব্যবস্থা করতে হবে।
করিম মিয়া বলেন, প্রায় চল্লিশ বছর তিনি ঢাকায় রিকশা চালান। এর আগে গ্রামের বাড়ি সাতক্ষীরায় কৃষি কাজ করতেন। নদীতে জমিজমা ভেঙ্গে যাওয়ায় পেটের দায়ে ঢাকায় আসেন। নিজের সংসার দেখা, বাবা-মাকে টাকা পাঠানো এমন করে শুরুর দিকটায় ভাল দিন কাটলেও ক্রমে ছেলে-মেয়ে সংসারে এলে তার অভাব বাড়তে থাকে। কষ্ট করে হলেও সে ছেলে-মেয়েদের অক্ষর জ্ঞান দেন। মেয়েকে বিয়ে দিয়ে নিঃস্ব হন। আর ছেলের বিয়ের পর নিঃসঙ্গ। তবে তাতে তিনি ভেঙ্গে পড়েননি। ভাবেন ছেলে-মেয়েরা এই খরচের সময় তাদের খরচ সামলাতে পারে না। তাই স্ত্রী আর নিজের ভার নিজেই বইতে শুরু করেন রিকশা চালানোর মতো কায়িক শ্রম করে। সরকারের কাছে কিছু চান কিনা প্রশ্ন করলে তিনি বলেন, বয়স হওয়ায় মাঝেমধ্যে শরীর খারাপ করে। অসুখ হলে হাসপাতালে তাদের অনেক কষ্ট হয়। পরীক্ষায় অনেক টাকা লাগে বাড়তি টাকা জোগাড় করা কষ্ট হয়। সরকার যদি তাদের চিকিত্সার কোন সুবিধা দিতেন তাহলে ভাল হতো।
প্রবীণ বয়সে কায়িক শ্রমে সমস্যা : প্রবীণদের হালকা শ্রম ও বিশ্রামের পরামর্শ দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের গ্যাস্ট্রো-এন্ট্রারোলজি বিভাগের সহকারী অধ্যাপক এসকে সাহা বলেন, বয়স্করা কায়িক শ্রম করলে তাদের ব্যথ্যা, দুর্বল লাগা, কাশি বেড়ে যাওয়া হার্নিয়া থাকলে তা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া তারা দুর্ঘটনার শিকার হয়ে হাঁড় ভাঙ্গলে জোড়া লাগা কঠিন হয়। ফলে এসময় অনেক দুর্ভোগ পোহাতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে আছেন অনেক প্রবীণ রিকশা চালক। তাদের একজন গফুর হাওলাদার। তিনি বলেন, নাম ধরে এখন আর আমাদের কেউ ডাকে না। আমরা ‘মামা’। ভালই লাগে মামাদের টানতে। এই বয়সে কেন রিকশা চালান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে খাওয়াইবো?
জেল জরিমানা নিয়ে পাস হয়েছে পিতা-মাতার ভরণ-পোষণ আইন। সন্তান পিতা-মাতার ভরণ পোষণ না দিলে ১ লাখ টাকা জরিমানার বিধান রেখে পিতা-মাতার ভরণ-পোষণ বিল সংসদে পাস হয় গত বছর ২৪ অক্টোবর।
জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু পিতা-মাতার ভরণ-পোষণ সংক্রান্ত একটি বেসরকারি বিল-২০১৩ আনলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তা কণ্ঠ ভোটে দেন। বিলটি সর্বসম্মতক্রমে কণ্ঠ ভোটে পাস হয়। বিলে বলা হয়, ‘পিতা-মাতার ভরণ-পোষণ বিল-২০১১’ বিলে পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্ম নেয়া সন্তান তার পিতা-মাতাকে ভরণ-পোষণ না করলে তা হবে জামিন অযোগ্য অপরাধ। তবে আপোসযোগ্য। ভরণ-পোষণ ও এর খরচ না পেলে বাবা-মা আদালতের আশ্রয়ও নিতে পারবেন। এক্ষেত্রে সন্তান সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা বা অর্থ দণ্ডসহ অনাদায়ে অনূর্ধ্ব ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন। বিলে আরও বলা হয়, কোনো সন্তানের স্ত্রী বা স্বামী পিতা-মাতার ভরণ-পোষণ দিতে বাধা দিলে বা প্ররোচিত করলে উক্ত স্ত্রী বা স্বামীও কিংবা অন্য সহায়তাকারী একই অপরাধে অভিযুক্ত হবেন। বিলের বিধান অনুযায়ী সন্তানের আয়ের যুক্তিসঙ্গত পরিমাণ পিতা-মাতাকে দিতে হবে।
বিলে বলা হয়েছে, ভরণ-পোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার সঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে। কোনো সন্তান তার পিতা বা মাতাকে বা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাস বা অন্য কোথাও বা আলাদা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করতে পারবেন না। প্রয়োজনীয় চিকিত্সা সেবা ও পরিচর্যা করবে। তারা পৃথকভাবে বসবাস করলে সন্তানদের নিয়মিত সাক্ষাত্ করতে হবে। শুধু পিতা বা মাতার ভরণ-পোষণই নয়, পিতা বা মাতার মৃত্যুর পরও যদি দাদা-দাদী বা নানা-নানী বেঁচে থাকেন তবে তাদেরও ভরণ-পোষণ দেয়া নাতী-নাতনীর আইনি দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে বিলে।
প্রবীণদের শ্রম নিয়ে তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম বলেন, মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এহেন প্রবীণ ব্যক্তিদের শ্রম দিতে হয়। একজন সমাজ বিজ্ঞানী হিসেবে আমি বলবো এক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রকে সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। সরকার যে বয়স্ক ভাতা চালু করেছে তার মধ্যে অনেক রকম দুর্নীতি আমার নিজের দেখা। আমি প্রত্যন্ত অঞ্চলে প্রবীণদের মুখে এমন প্রশ্নও শুনেছি, আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবো? সরকারের দায়িত্বের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থারও প্রবীণদের উন্নয়নে কাজ করার আছে বলে তিনি উল্লেখ করেন।
আজ বাবা দিবস:আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুনের তৃতীয় রবিবার পালিত হয় বাবা দিবস। বিশ্বের ৫২টি দেশে এ দিবসটি পালন করা হয়। সারা বিশ্বের মতো আমাদের দেশেও নানা আয়োজনে এ দিনটি পালিত হয়ে আসছে। ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথম ‘বাবা দিবস’ পালিত হয়। আবার সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক নারী বাবার প্রতি ভালবাসা প্রকাশ করতে ১৯১০ সালের ১৯ জুন থেকে ‘বাবা দিবস’ পালন করা শুরু করেন। ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তত্কালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন।
